রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে ডিসি জহিরুল ইসলাম

তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ছাড়া আগামীতে এগিয়ে যাওয়া সম্ভব নয়
  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে ডিসি জহিরুল ইসলাম

চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, ‘আমি চুয়াডাঙ্গায় আসার পর থেকেই শুনেছি এই বিদ্যালয়টি শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে এবং একাডেমিক ফলাফল অত্যন্ত ভালো। বিশেষ করে জাতীয় পাঠক্রমে (ন্যাশনাল কারিকুলাম) শিক্ষার্থীদের দক্ষতা প্রশংসার যোগ্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটির সুনাম প্রতিদিনই বাড়ছে। আমি এ বিদ্যালয়ে একটি ডিজিটাল ল্যাব স্থাপন করে দেওয়ার চেষ্টা করেছি। এখানে শিক্ষার্থীরা ই-বুক ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে পারবে।’


গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যমান সমস্যাসমূহ উত্তর, সামগ্রিক শিক্ষাদানের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত করণের লক্ষ্যে পর্যালোচনা এবং সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক আরও বলেন, বর্তমানে প্রযুক্তির সময়। শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অনলাইনে অসংখ্য ভালো শিক্ষকের লেকচার পাওয়া যায়, যা শিক্ষার গভীরতা বাড়াতে সাহায্য করে। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা ছাড়া আগামী দিনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, এই বিদ্যালয়টি আমার বাসভবনের পাশে এবং অফিসের ঠিক বিপরীতে একটি নিরাপদ জোনে অবস্থিত। শিক্ষার্থীদের যাতায়াত নিরবচ্ছিন্ন ও নিরাপদ, যা একটি বড় সুবিধা। অভিভাবকদের উপস্থিতিকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা আজ এখানে উপস্থিত হয়ে অনেক মূল্যবান মতামত দিয়েছেন, যা বিদ্যালয় পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এস.এম. ইস্রাফিল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা তথ্য অফিসার শিল্পী মণ্ডল ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামাল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিকাইল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ. এস. এম. আব্দুর রউফ শিবলু, আশফাকুর রহমান, মির্জা শহিদুল ইসলাম, আবদুল্লাহ আল নাঈম প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী নাসির এবং গীতা পাঠ করে ৯ম শ্রেণির শিক্ষার্থী পিণ্টু অহনা। প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন জাহিদুল ইসলাম, হারুনুর রশিদ ও খাইরুল আলম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় ৯ম শ্রেণির আফিয়া জয়নাব ও হাসিবা হোসাইন অহনা এবং ৭ম শ্রেণির জান্নাতুল ফেরদৌসী রোজী। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক বিদ্যালয়ের নতুন ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন এবং ল্যাব ঘুরে দেখেন। পরে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে মাইলফলক হয়ে থাকবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত