জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা উদ্ধার এবং অবৈধভাবে ভারতে যাওয়ার জন্য নারী-শিশুসহ মোট ১৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ৫৮ বিজিবি।
জানা গেছে, গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে রাজাপুর গ্রামের মো. হাসান আলীর আম বাগানে অভিযান চালিয়ে ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেন। একই দিন বিকেল ৪টা ২০ মিনিটে কাঁলা গ্রামের প্রাইমারি স্কুলের পাশে একটি রেন্টি গাছের গোড়া থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. খলিলুর রহমান।
এছাড়া গতকাল বুধবার সকাল ৯টায় বেনীপুর গ্রামের বৃত্তিপাড়া জামে মসজিদের উত্তর পাশে নিয়মিত টহলকালে ১ জন দালালসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়া গত মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে ৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।
আর রাত ৮টায় পলিয়ানপুর গ্রামের কাজীরবের পাকা রাস্তা থেকে ২ জন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারাও অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। সীমান্তে মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
সমীকরণ প্রতিবেদক