রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক

বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদেরকে একটু বিশেষ যত্ন নিবেন
  • আপলোড তারিখঃ ১৮-০৫-২০২৫ ইং
চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণকালে জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুইদিনের এই মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষার্থী বলে গেলো একটা বিজ্ঞান ক্লাব খুব প্রয়োজন। সত্যি একটা বিজ্ঞান ক্লাব খুবই প্রয়োজন। এটি নিয়ে আমার এডিসিকে বলেছি। তিনি শীঘ্রই তোমাদের সাথে বসবে। এবং কীভাবে একটা বিজ্ঞান ক্লাব তৈরি করা যায় সেটি নিয়ে ভাবা হবে। যারা বিজ্ঞানকে ভালোবাসে, তারা এই ক্লাবের সদস্য হয়ে বিজ্ঞান চর্চা করতে পারবে।’


জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করবো, এই ধরনের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদেরকে একটু বিশেষ যত্ন নিবেন। তাদেরকে নির্দেশনা দিলে, সহযোগিতা করলে তারা ভালো করবে।’


তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করিয়ে নিরপেক্ষ মূল্যায়ন করতে। এখান থেকে বিজয়ীরা বিভাগে যাবেন। আমি আশা করি, চুয়াডাঙ্গার প্রত্যেকে ভালো করবে। বিভাগেও জেলার সুনাম নিয়ে আসবে।’


চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক দিল আরা চৌধুরি, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরি, সাংবাদিক শাহ আলম সনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ফাহাদ চৌধুরি।


বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহরাব আজিম, দ্বিতীয় কেরু উচ্চ বিদ্যালয়ের আবরার রওনক এবং তৃতীয় স্থান অর্জন করেন আলমডাঙ্গা অ্যাকাডেমির শিক্ষার্থী হুমায়রা কবির। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী নাসিফ, দ্বিতীয় চুয়াডাঙ্গা সরকারি কলেজের নাফিস জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন তেতুল শেখ কলেজের জাফিরুল ইসলাম।


বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কে এম সাদমান কবীর, দ্বিতীয় দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থী মুকিন জামান এবং তৃতীয় স্থান অর্জন করেন দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষার্থী নাফিস মুবাশশির। স্টল মূল্যায়নে জুনিয়র গ্রুপে প্রথম ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় দামুড়হুদা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও তৃতীয় কেরু উচ্চ বিদ্যালয়। স্টল মূল্যায়নে সিনিয়র গ্রুপে প্রথম দর্শনা সরকারি কলেজ, দ্বিতীয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করে আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত