চুয়াডাঙ্গায় আম সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের মহিলা কলেজপাড়ার বাদল মিয়ার আমবাগানে ঠোঁটা (লম্বা বাঁশের বিশেষ যন্ত্র) দিয়ে আম পেড়ে মৌসুমের উদ্বোধন করেন তিনি। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিশিষ্ট আমচাষি আব্দুল কুদ্দুস মহলদার। জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার এবং যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘আম সংগ্রহ মৌসুমের উদ্বোধন করলাম ঠিক আছে, কিন্তু অতিরিক্ত লাভের আশায় আমে কোনো ধরনের রাসায়নিক মেশানো চলবে না। পরিপক্ব হওয়ার আগেই আম সংগ্রহ করা হলে বা কৃত্রিম উপায়ে পাকানো হলে, সেটি যাচাই করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার আইনে জড়িতদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।’
তিনি আরও বলেন, ‘মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে যদি আম প্রক্রিয়াজাত করা হয়, তবে তা শুধু আইন লঙ্ঘনই নয়, মানবতার বিরুদ্ধেও অপরাধ।’ এসময় তিনি সততার সঙ্গে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টুসহ জেলার আম ব্যবসায়ী, কৃষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক