দামুড়হুদায় ধান শুকাতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে নাসিমা খাতুন (৪০) নামের এক নারীর মর্মান্তিক মত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার নতুন বাস্তুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসিমা খাতুন নতুন বাস্তুপুর স্কুলপাড়ার মো. ফইমদ্দির স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, গতকাল সকাল থেকে নাসিমা খাতুন একতলা বাড়ির ছাদে ধান শুকানোর কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে মাথা ঘুরে ভারসাম্য হারিয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। এসময় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
নাসিমা খাতুনের স্বামী ফইমদ্দির ফাহিম বলেন, সকাল থেকে ছাদে তার স্ত্রী একাই ছিলেন। রোদে থাকতে মানা করার পরও তিনি নামেনি। হঠাৎ জোরে শব্দ শুনে সবাই ছুটে গিয়ে দেখেন নাসিমা নিচে পড়ে আছে। এসময় তাকে নিয়ে হাসপাতালে আসেন তারা।
ডা. শাপলা খাতুন বলেন, ‘হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যরা জানিয়েছে ছাদে ধান শুকানোর সময় তিনি ছাদ থেকে পড়ে আহত হলে হাসপাতালে নিয়ে আনে। অপমৃত্যুর বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।’
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’ এদিকে, গতকাল মাগরিব নামজের পর গ্রাম্য কবরস্থানে নাসিমা থাতুনের লাশের দাফর কার্য সম্পন্ন করে পরিবারের সদস্যরা।
প্রতিবেদক দামুড়হুদা