দর্শনায় ২ দিনব্যাপী ৬টি সুগার মিলের ২০২৪-২০২৫ মাড়াই মৌসুমের কারখানার কার্যক্রমের ওপর মূল্যায়ন সভা শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কেরুর ট্রেনিং কমপ্লেক্স ভবনে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর আয়োজনে এবং দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড-এর বাস্তবায়নে এ সভা শুরু হয়। আজ মঙ্গলবার দুই দিনব্যাপী এই মূল্যায়ন সভা শেষ হবে। গতকালের সভায় অংশগ্রহণ করছে ছয়টি সুগার মিল। এগুলো হলো- দর্শনা কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড, নাটোর সুগার মিলস লিমিটেড, ফরিদপুর সুগার মিলস লিমিটেড, নর্থবেঙ্গল সুগার মিলস লিমিটেড, মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড ও রেণউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
মূল্যায়ন সভায় সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান লিপিকা ভদ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করপোরেশনের পরিচালক (উৎপাদন প্রকৌশল) সাঈদ উর-রহমান, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, এবং প্রধান রসায়নবিদ আনিসুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন কেরুর মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়াসহ ছয়টি সুগার মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সভায় ২০২৪-২৫ মাড়াই মৌসুমে মিলগুলোর কার্যক্রম, ত্রুটি-বিচ্যুতি, লাভ-লোকসানসহ বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি ও লাভজনক অবস্থানে নেওয়ার কৌশল নির্ধারণে আলোচনা চলছে। যা শেষ হবে আজ।
দর্শনা অফিস