রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি জহিরুল ইসলাম

নিষিদ্ধ পলিথিনের বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে

  • আপলোড তারিখঃ ১২-০৫-২০২৫ ইং
নিষিদ্ধ পলিথিনের বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে

চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যসচিব নয়ন কুমার রাজবংশী।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় জেলার পুলিশ সুপার (এসপি) খন্দকার গোলাম মওলা, ভারপ্রাপ্ত সিভিল সার্জল ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সরোয়ার বাবু, পরিবার পরিকল্পনা অধিপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক দেওয়ান তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, সাংবাদিক মফিজুর রহমান, মেহেরাব্বিন সানভী, আলমগীর রনি, গ্রাম আদালতের জেলা ম্যানেজার মো. আছাদুজ্জামানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিক কামরুজ্জামান সেলিম চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে অবৈধ বালুর ব্যবসার কারণে যানজট সৃষ্টির বিষয়টি নজরে আনলে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। ইতোমধ্যে আমি এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি।’ সভায় জাতীয় দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী শহরে এবং দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ইজিবাইক আটক, পলিথিনের ব্যবহার পুনরায় বৃদ্ধি এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক সংকটের বিষয়টি উপস্থাপন করেন। তিনি বলেন, ‘আজকে সকালেও ইজিবাইক চালকরা একটি ছোট প্রতিবাদ করেছে। গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টে ইজিবাইক আটক করে যাত্রী নামানোর অভিযোগ উঠছে বারবার। ইজিবাইক নিয়ে চুয়াডাঙ্গা পৌরসভার নেয়া এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হয়নি। সাধারণ মানুষের ভোগান্তি রোধে এবং সড়ক দুর্ঘটনা কমাতে হলে এ বিষয়ে অতিদ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। জেলা প্রশাসকের তৎপরতায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার মাঝখানে কিছুটা কমলেও আবার ব্যবহার বাড়ছে। এদিকে নিয়মিত নজর দেয়া প্রয়োজন। এছাড়া চুয়াডাঙ্গাবাসীর বড় সমস্যা সদর হাসপাতালে চিকিৎসক সংকট। এসময় নতুন চিকিৎসক পদায়নে কোনো অগ্রগতি থাকলে সভার মাধ্যমে জানানোর অনুরোধ করেন সাংবাদিক মেহেরাব্বিন সানভী।


জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘ইজিবাইক বিষয়ে বসা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাদের কোনো সংগঠন আছে কি না বা কাদের সাথে কথা বলে এটির একটি সুষ্ঠু সমাধান করা যায়, সেটার চেষ্টা করা হচ্ছে। পৌরসভায় নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে এ বিষয়ে উদ্যোগ নেয়া সহজ হতো। নিষিদ্ধ পলিথিনের বিষয়ে নজরদারি বৃদ্ধি করা হবে।’


এসময় চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, ‘আমরা হাসপাতালের চিকিৎসক সংকট নিয়ে একাধিকবার পত্র লিখেছি। একাধিকবার ঊর্ধ্বতনদের সাথে কথা বলেছি। দ্রুত এ সমস্যা সমাধানের আশা করছি।’ এছাড়া ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান গরমের জন্য কয়েকটি পরামর্শ প্রদান করেন। বিশেষ করে তিনি অতিরিক্ত রোদে খোলা আকাশের নিচে না থাকা, পরিচ্ছন্ন থাকা এবং পর্যাপ্ত পানি পানের তাগিদ দেন।’


সভায় চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন মুক্তা বলেন, ‘আমরা সড়কে যানজট কমানোর জন্য গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।’ জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, ‘ইজিবাইকের সমস্যাটি সমাধানে আমরাও আলাপ-আলোচনা করব।’


সভায় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মারুফ সরোয়ার বাবু বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে গোপনে না চলে, সেদিকে সজাগ থাকতে হবে। নানাভাবে সহিংসতা বা অপকর্ম করার চেষ্টা করবে তারা। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে এদিকে গোয়েন্দা নজরদারি বাড়ানোসহ দৃষ্টি রাখার আহ্বান জানান।


সভায় সাংবাদিক মফিজুর রহমান জোয়ার্দ্দার সদর থানা পুলিশের গণমাধ্যমকর্মীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করার ওপর গুরুত্ব দেন। জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন তাকে সভায় অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বিভিন্ন জেলায় ইতোমধ্যে রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের চুয়াডাঙ্গায় এ বিষয়ে কোনো অগ্রগতি থাকলে সভার মাধ্যমে জানতে চাই। এছাড়া সড়কে উঠতি বয়সের যুবকদের হাতে মোটরসাইকেল। তারা গতির কথা চিন্তা না করেই ইচ্ছামতো গাড়ি চালাচ্ছে।’ এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। আজ বা কালকের মধ্যেই পিপি সাহেব পত্র পাবেন।’

সভায় পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘বিভিন্ন পহাটের সময়, রাস্তার পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমি মনে করি ইজারাদারদের বলে পার্মানেন্ট বাঁশ দিয়ে রাস্তার পাশে ঘিরে দিতে হবে। এই জেলায় গবাদি পশুর উৎপাদন ভালো। দেশের অনেক জেলা আমাদের ওপর নির্ভরশীল। তাই আসন্ন কোরবানি সামনে রেখে পুলিশের টহল বৃদ্ধি করা হবে। সব দিকে নজর রাখা হচ্ছে।’

কিশোর গ্যাং নিয়ে পুলিশ সুপার বলেন, ‘কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশ কাজ করছে। রাতের টহল আরও বৃদ্ধি করা হবে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা মেনে নিতে হবে। প্রত্যেক থানায় এখন কুইক রেসপন্স টিম করা হয়েছে। প্রয়োজনে আপনারা আমাকে জানাবেন।’ এসময় তিনি ইজিবাইক সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সাথে বসা উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘তাদের সাথে কথা বলে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। এভাবে চললে সড়কে শৃঙ্খলা আনা কষ্টকর।’


সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, সেটা দেখা দায়িত্ব কমিটির সকল সদস্যের। সকলে মিলে জেলার আইনশৃঙ্খলা পরিবেশ ভালো রাখতে হবে।’



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত