ঝিনাইদহের কালীগঞ্জে আহসানুল ইসলাম অর্কিড নামের এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে নির্মমভাবে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত যুবকের বাবা ওসমান গনি, স্ত্রী তানজিলা আফরিন অর্পা, তিন বছর বয়সী মেয়ে তাবাচ্ছুম অকিয়া ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে নিহতের স্ত্রী তানজিলা আফরিন অর্পা বলেন, ‘আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল জড়িত। সব প্রমাণ থাকার পরও পুলিশ মামলা নিতে চাচ্ছে না। ৫ আগস্টের পরও মানুষ কি ন্যায়বিচার পাবে না?’ তিনি আরও বলেন, ‘গত ৫ মার্চ কৌশলে যশোরে ডেকে নিয়ে ওই তিনজন মিলে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেয়। শুধু আগুন দিয়েই ক্ষান্ত হয়নি, তারা চিকিৎসা নিতেও বাধা দিয়েছে। ওই দিনই জাতীয় বার্ন ইউনিটে তাকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ১০ মার্চ তিনি মারা যান।’
তানজিলা আফরিন আরও বলেন, ‘আমাদের দাম্পত্য জীবন খুব ভালো ছিল। যুবলীগ নেতা মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিনের কুদৃষ্টি পড়েছিল আমার স্বামীর ওপর। আমি দ্রুত আমার স্বামীর হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
অর্কিডের বাবা ওসমান গনি বলেন, ‘আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।’ উল্লেখ্য, গত ৫ মার্চ যশোরের পুরাতন কসবা এলাকায় ডেকে নিয়ে আহসানুল ইসলাম অর্কিডকে শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ ওঠে কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সালের বিরুদ্ধে। পরে ১০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় অর্কিডের মৃত্যু হয়।
সমীকরণ প্রতিবেদন