চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালায় মোটরসাইকেল দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক, দুজন আরোহী ও স্থানীয় দুই পথচারী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর বাগানপাড়ার মৃত সোমা মণ্ডলের ছেলে ও মোটরসাইকেলচালক মারুফ হোসেন (২২), একই মোটরসাইকেলের আরোহী ও চালকের দুই বন্ধু মো. শুভ (২২), পিতা- উজ্জল, এবং পাভেল (২২), পিতা- বাবলু। আহত স্থানীয় পথচারী দুজন হলেন কুলপালা গ্রামের মৃত আমীর আলীর ছেলে আশকার আলী (৪০) ও সাইফুল ইসলামের ছেলে মুস্তাকিম (২৩)। আহতদের মধ্যে গুরুতর জখম হওয়ায় পাভেলকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে তিন বন্ধু একই মোটরসাইকেলে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন। পথে কুলপালা নামক স্থানে পৌঁছালে পথচারী আশকার আলীর সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি সরবতের দোকানে গিয়ে ধাক্কা দেয়। এতে দোকানি মুস্তাকিমসহ মোটরসাইকেলে থাকা তিন বন্ধু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘রাত নয়টার দিকে একই সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজন জরুরি বিভাগে আসে। তাদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে। তবে, আহতদের মধ্যে পাভেলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।’
সমীকরণ প্রতিবেদন