জীবননগরে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় ক্ষিপ্ত ইউএনও আল-আমীনের সাথে সাংবাদিক মিঠুন মাহমুদের দুর্ব্যবহারের অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর জরুরি সভা করেছে জীবননগর প্রেসক্লাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জীবননগর প্রেসক্লাবে জরুরি সভা ডেকে জীবননগর ইউএনও অফিসের সমস্ত নিউজ বয়কট করার ঘোষণা দেন সাংবাদিকরা। সেই সাথে আগামী রোববারের মধ্যে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যদি জীবননগর প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে বসে বিষয়টি নিরসন না করেন, তাহলে গণমাধ্যমকর্মীরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও হুঁশিয়ারী দিয়েছেন।
জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু বলেন, ‘ইউএনও সাহেব কোনো সাংবাদিকের সাথে এ ধরনের আচরণ করতে পারেন না। শুধু মিঠুন মাহমুদের সাথে নয়, এর আগেও সাংবাদিক মামুনের সাথেও তিনি দুর্ব্যবহার করেছেন বলে জানতে পারলাম। এর আগে কোনো ইউএনওর সাথে সাংবাদিকদের এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ইউএনও সাহেব সাংবাদিকদের সাথে যে ব্যবহারটা করেছেন, এ ঘটনায় জীবননগর প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এদিকে, উপজেলা নির্বাহী অফিসারের একজন গণমাধ্যমকর্মীকে শাসানোর কথোপকথন সারাদেশে ভাইরাল হয়েছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সংগঠন। সংবাদ পরিবেশন করেছে দেশের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যম।
সমীকরণ প্রতিবেদন