দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে কেরু আঙিনায় চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। গতকাল সোমবার সন্ধ্যায় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের অফিসগুলো ছিল সরগরম। প্রার্থীরা ভোটারদের মধ্যে প্রতীক ও ছবি সংবলিত লিফলেট বিতরণ করেছেন। দফায় দফায় মিছিল বের করে প্রার্থীদের সমর্থকরা কেরুজ আঙিনাকে মুখরিত করে তোলেন। এছাড়া কেরুজ এলাকা ও দর্শনা শহর পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে, যেখানে ৫৭ জন প্রার্থী নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
তবে গতকাল সাধারণ সম্পাদক প্রার্থী জিল্লুর রহমান (বাইসাইকেল প্রতীক) তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রিন্স (চাকা প্রতীক) ও জয়নাল আবেদীন নফর (মই প্রতীক)-এর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে বলে শ্রমিকদের মধ্যে আলোচনা চলছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমানও ভোটযুদ্ধে টিকে রয়েছেন।
অন্যদিকে, সভাপতি পদে দুইজন প্রার্থী থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যেই হবে বলে জানা গেছে। শ্রমিকদের মধ্যে আলোচনা অনুযায়ী, এবারের নির্বাচনে তৈয়ব আলী আগের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। এদিকে, অপর সভাপতি প্রার্থী ফিরোজ আহম্মেদ সবুজ শুরু থেকেই আত্মবিশ্বাসী বক্তব্য দিয়ে আসছেন। তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে আমি জিতব।’ তবে জয়-পরাজয় জানতে হলে আমাদের ১৪ মার্চরাত ৮টায় ভোটের ফলাফল পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সমীকরণ প্রতিবেদন