জীবননগর উপজেলায় পরকীয়ার জেরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করেছেন দুই সন্তানের জননী। গতকাল রোববার সকাল থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর ক্যাম্পপাড়ায় প্রেমিক সাজু হোসেনের বাড়ির সামনে অনশন শুরু করেন ওই নারী। অভিযুক্ত সাজু হোসেন বেনীপুর গ্রামের মিণ্টু হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাজুর সঙ্গে ওই নারীর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে স্বামী তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর কোনো উপায় না পেয়ে তিনি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন। এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘ঘটনাটি মীমাংসার চেষ্টা চলছে। যেহেতু ওই নারীর দুটি সন্তান আছে, তাই তাকে আগের সংসারে ফেরানো সম্ভব কি না, তা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে।’
সমীকরণ প্রতিবেদন