দর্শনা থানাধীন হঠাৎপাড়ায় রেললাইনের ওপর অবৈধভাবে রাস্তা তৈরি করে ট্রাক্টরের মাধ্যমে মাটি এনে জমি ভরাটের কাজ করার অভিযোগ উঠেছে। এ ঘঠনায় রেল পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। গত দুই দিন ধরে ট্রাক্টরে করে মাটি বহন করে হঠাৎপাড়া ও বড় দুধপাতিলা সড়কের সংযোগস্থলে রেললাইনের ওপর দিয়ে চলাচল করছিল। অবৈধভাবে রাস্তা তৈরি করে ট্রাক্টর পারাপারের সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রকেট মেইল ট্রেনের সাথে এবং গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই দফায় ট্রেনের সংঘর্ষের আশঙ্কা সৃষ্টি হয়। যা যেকোনো সময় বড় ধরনের ট্রেন দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি করে।
অভিযোগ উঠেছে, রেলওয়ে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দক্ষিণচাঁদপুর গ্রামের মণ্টু মিয়া দুটি ট্রাক্টর ব্যবহার করে রাতে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছিলো। ৬ মাস আগেও একই কাজের জন্য রেলওয়ে পুলিশ তাকে আটক করেছিল। সে সময় এমন ভুল আর করবেন না বলে লিখিত মুচলেকা দিয়ে মুক্তি পান তিনি। কিন্তু ৬ মাস পার না হতেই আবারও একই কাজে লিপ্ত হয়েছেন। এছাড় তিনি নিজের জমির পাশাপাশি রেলওয়ের জমিও দখল করে ভরাট করছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় খবর পেয়ে গতকাল দর্শনা রেলওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক্টরচালক মজিজুল ও সোহেল রাত ৯টার দিকে ট্রাক্টর দুটি ফেলে পালিয়ে যান। পরে এসআই জাহাঙ্গীর রেললাইনের ওপর দিয়ে মাটি বহনকারী ট্রাক্টর চলাচল বন্ধ করে দেন। পাশাপাশি, কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া রেললাইনের ওপর দিয়ে ট্রাক্টর চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দেন।
সমীকরণ প্রতিবেদন