শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন দুই দিনের রিমান্ডে

  • আপলোড তারিখঃ ২০-০২-২০২৫ ইং
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন দুই দিনের রিমান্ডে

শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার সকালে ঝিনাইদহের একটি আদালতে তাকে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিচারক ফারুক আজম বিএনপির জেলা কার্যালয় ভাঙচুর মামলায় রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত মঙ্গলবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে মিয়াজীর মালিকানাধীন পার্ক শ্যামল ছায়া থেকে তাকে অবরুদ্ধ করে ছাত্র-জনতা। পরে রাতেই তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচর্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানান, খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে হেফাজতে নেয়। রাত সাড়ে ১২টার দিকে তাকে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল পুলিশি প্রহরায় তাকে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচিত হন সালাহউদ্দিন মিয়াজী। তিনি একসময় শেখ হাসিনার সামরিক সচিব ছিলেন। তবে সংসদ সদস্য হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান, তিনি আত্মীয়-স্বজনদের মাধ্যমে মহেশপুরের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষ শুরু করেন। এছাড়া সরকার থেকে পাওয়া সহস্রাধিক হাঁস জনগণকে না দিয়ে নিজের খামারে পালনের অভিযোগও রয়েছে। এছাড়া টিআর-কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং দত্তনগর কৃষি খামারের তহবিলের অপব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।



কমেন্ট বক্স
notebook

কার্পাসডাঙ্গায় কাচামাল ব্যবসায়ীর ছু*রিকাঘা*তে ফল ব্যবসায়ী মধু নি*হ*ত