ঝিনাইদহের কোটচাঁদপুরে গায়েবি মামলার বাদী ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলামকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার সকালে পৌর শহরের দুধসরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। কামরুল ইসলাম দুধসরা জেলেপাড়ার নূর মোহাম্মদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর থেকে কামরুল ইসলাম আত্মগোপনে ছিলেন। গতকাল সকালে তিনি এলাকায় আসলে স্থানীয় জনতা তাকে আটক করে উত্তম-মাধ্যম দেয় এবং পরে কোটচাঁদপুর মডেল থানায় সোপর্দ করে। এরপর পুলিশ তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘কামরুল ইসলাম কালীগঞ্জ থানার একটি নাশকতা মামলার আসামি হওয়ায় তাকে ওই থানায় পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘সকালে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশকে খবর দিলে আমরা তাকে উদ্ধার করি।’ তথ্য সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম কোটচাঁদপুর পৌর বিএনপির কার্যালয়ের পেছন থেকে কথিত ককটেল উদ্ধারের মামলার বাদী ছিলেন। ওই মামলায় সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডলসহ কয়েকজন নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল।
সমীকরণ প্রতিবেদন