চুয়াডাঙ্গায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪ পালিত হয়েছে। ‘কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান- প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’ প্রতিপাদ্যে গতকাল শনিবার সকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ লাইন্সে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে এসপি আরএম ফয়জুর রহমান বলেন, আমি দৃঢ় প্রত্যয়ে জানাচ্ছি, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারের সদস্যের যেকোনো প্রয়োজনে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সামর্থ্য ও সাধ্য অনুযায়ী আন্তরিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান, পুলিশ পরিদর্শক সিআইডি সবুর হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী, জেলা পুলিশ লাইন্সের আরআই আমিনুল ইসলামসহ চুয়াডাঙ্গায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের লোকজন।
সমীকরণ প্রতিবেদন