চুয়াডাঙ্গা সদর উপজেলার বলদিয়ায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সানিমা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তিতুদহ ইউনিয়নের বলদিয়ায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বলদিয়া গ্রামের মাঠপাড়ার শাহাবুদ্দিনের মেয়ে। তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাতে পিতা শাহাবুদ্দিনের সঙ্গে বাড়ির পাশের রাস্তা পার হয়ে মুদি দোকানে যায় শিশু সামিনা। দোকান থেকে ফেরার সময় সামিনা তার পিতার হাত ছেড়ে দৌঁড়ে রাস্তার পার হয়। এসময় আবার রাস্তার পার হয়ে পিতার কাছে ফিরে আসতে গেলে দ্রুতগতির একটি ট্রাক সামিনাকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সমিনা গুরুতর জখম হয়। পরে স্থানীয়দের সাহায্যে সামিনাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সামসুল আলম বলেন, পিতা শাহাবুদ্দিনের সঙ্গে দোকানে গিয়েছিলো শিশুটি। ফেরার পথে পিতার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে গেলে দর্শনা থেকে সরোজগঞ্জ অভিমুখী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে হিজলগাড়ি ক্যাম্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। শনিবার সকালে শিশুটির দাফন কার্য সম্পন্ন করা হবে।
হিজলগাড়ি ক্যাপ ইনচার্জ এসআই ফজলুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ট্রাকটির সন্ধ্যান পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি।
তিতুদহ ইউপি চেয়ারম্যান শুকুর আলী বলেন, ট্রাকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। স্থানীয়রা মোটরসাইকেলে নিয়ে ধাওয়া করেও ঘাতক ট্রাকটিকে খুঁজে পাইনি।
সমীকরণ প্রতিবেদন