দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে ৪০০টি বাঁশ জোর করে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্য ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় চাচা মহিদুল ইসলাম বাদি হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিষ্ণুপুর মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত মাদার বক্সের ৮ শতক জমির বাঁশ বাগান আছে। যার অংশীদার ৬ ভাই ও ৫ বোন। কিন্তু মহাসিনের ছেলে পুলিশ সদস্য আহসান হাবিব কাউকে কিছু না জানিয়ে জোর করে ৪০০টি বাঁশ কেটেছেন। তার চাচারা বাঁশ কাটিতে নিষেধ করলেও তিনি শোনেননি। বরং তাদের হুমকি-ধমকি দিচ্ছেন। এতে প্রায় ৮০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন।
চাচা মহিদুল বলেন, আমরা কয়েক ভাই ঘটনার বিষয়ে জানিতে পেরে বাঁশ কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে আহসান হাবিব বলেন, ‘বাঁশ ঝাড় রাখবো না। যে বাঁধা দেবে তান মাথা কেটে ফেলব ও লাশ ফালায় দিবো। এছাড়া সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
এ বিষয়তে জানতে একাধিকবার আহসান হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। দামুড়হুদা মডেল থানার এসআই মাহবুবুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে বাঁশ কাটার সত্যতা পায়। আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য উভয় পক্ষকে আগামীকাল থানায় আসার জন্য বলা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন