চুয়াডাঙ্গা সদর ও জীবননগর থানা-পুলিশের পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ও গত শুক্রবার সদর থানার দৌলতদিয়াড় এবং জীবননগর থানার সন্তোষপুরে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। অভিযানের সময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও রাজন হোসেন (২৪) নামের এক যুবককে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় মাঝেরপাড়া মৃত ইদু হোসেনের ছেলে রাজন হোসেন (২৪)।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলীর নেতৃত্ব উপপরিদর্শক (এসআই) কৃপা সিন্ধু চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের দৌলতদিয়াড় বিএডিসি ফার্মের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজন হোসেন হাতেনাতে আটক হয়। গতকাল রাজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়।

এদিকে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে গতকাল ভোর পাঁচটার দিকে উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্তোষপুর গ্রামে ভৈরব নদীর পাশে অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেল (২৫) ও সুমন হোসেন (৩২) নামের দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে সেখান থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। এ ঘটনায় গতকালই জীবননগর থানায় রাসেল ও সুমন হোসেনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে। রাসেল জীবননগর রাজাপুর গ্রামের মৃত কবির হোসেনের ছেলে ও সুমন একই উপজেলার গয়েশপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।
সমীকরণ প্রতিবেদন