রবিবার, ১০ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও টিম চুয়াডাঙ্গার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-০৩-২০২৪ ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও টিম চুয়াডাঙ্গার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত


জমকালো আয়োজনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও টিম চুয়াডাঙ্গার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাড্ডা-হাড্ডি লড়াইয়ে টিম চুয়াডাঙ্গা ১৭ রানে জয়ী হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এই খেলার আয়োজন করা হয়। এসময় দুই দলের সমর্থকদের উপস্থিতিতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রথমে খেলোয়াড়দের নামের তালিকা অফিসিয়াল স্কোরারের নিকট জমা দিয়ে আম্পায়ার ও দুই দলের ক্যাপ্টেন মাঠে প্রবেশ করেন। টসে জয়লাভ করে টিম চুয়াডাঙ্গার দলনায়ক ইয়াসিন সোহেল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। এরপর দুই দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করে ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত মহান স্বাধীনতা ও জাতীয়তার প্রতীক জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সংগীত পরিবেশন শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরের সাথে করমর্দন করে মাঠ ত্যাগ করেন। পরে দুই আম্পায়ার পুনরায় মাঠে প্রবেশ করে ফিল্ডিং দল চুয়াডাঙ্গা প্রেসক্লাবের খেলোয়াড়দের মাঠে আমন্ত্রণ জানান।
খেলার নির্ধারিত ১০ ওভারে টিম চুয়াডাঙ্গা ৫ উইকেট হারিয়ে ১০৮ রানের করে। জবাবে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ব্যাটিংয়ে নেমে প্রথম ৩ ওভারে উড়ন্ত সূচনা করে। তবে ওপেনিং জুটির বিদায়ের পর রানের গতি কিছুটা মন্থর হয়। চতুর্থ উইকেট পতনের পর অ্যাক্টিং অধিনায়ক ইসলাম রকিব মাঠে প্রবেশ করে কিছুটা সামাল দিলেও শেষ পর্যন্ত আস্কিং রান রেট বেড়ে যাওয়ায় ১৭ রানে হেরে যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব। সঙ্গে সঙ্গে টিম চুয়াডাঙ্গা জয়লাভ করে উল্লাস প্রকাশ করতে থাকে।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে প্রথমে আমন্ত্রণ জানানো হয় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অধিনায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফকে। বিপুল আশরাফ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, শর্ট নোটিশের মধ্যদিয়ে আজকের এই প্রীতি ম্যাচে আমাদের সাংবাদিক খেলোয়াড়রা সবাই হাজির না হতে পারায় আমাদের দল তেমন ভালো খেলতে পারেনি। তবে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের ম্যাচে ১০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৯০ রান সংগ্রহ করতে পেরেছি। তবে এক সময় মনে হয়েছিল ম্যাচ আমরাই জিতবো। তবে আমরা পারিনি। আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিজয়ী টিম চুয়াডাঙ্গা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সাথে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও টিম চুয়াডাঙ্গার পক্ষে যে সকল ক্রিকেটাররা অংশগ্রহণ করেছে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। পরবর্তীতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের আয়োজনে আমাদের সকলের সরব উপস্থিতি থাকবে।
বিজয়ী দলের অধিনায়ক ইয়াসিন সোহেল বলেন, আমরা সরকারি ছুটির দিনে নিয়মিতই অনুশীলন করি। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে আমাদের বেশ কয়েকটি ক্রিকেট ম্যাচ আছে। সে ম্যাচের অনুশীলন হিসেবেই আজকের এই প্রীতি ক্রিকেট ম্যাচ। তবে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ক্রিকেটারদের হারাতে গিয়ে আমাদের প্রচণ্ড বেগ পেতে হয়েছে। একসময় তো মনে হচ্ছিল যে ম্যাচ মনে হয় বেরিয়েই গেল। তবুও শেষ পর্যন্ত জয়লাভ করতে পেরে আমরা খুশি। অধিনায়কেরা প্রতিক্রিয়া ব্যক্ত শেষে দুই দলের খেলোয়াড়রা যৌথভাবে রেপ্লিকা ট্রফি নিয়ে ফটোসেশন করেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন বিপুল আশরাফ (দলনায়ক), অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শাহ আলম সনি, ইসলাম রকিব (অ্যাক্টিং অধিনায়ক), কামরুজ্জামান চাঁদ, শামীম রেজা, পলাশ উদ্দিন, আতিয়ার রহমান, আদিত, রাকিমুল ইসলাম রাকিম, নাঈম ইসলাম, নাহিদ হাসান, দিগন্ত ও রানা কাদির।
উল্লেখ্য, ক্রিকেট খেলায় অংশগ্রহণের পাশাপাশি খেলার ধারাভাষ্য প্রদান করে যেমন মাঠ জমিয়ে রেখেছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী সদস্য এন টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তেমনি ক্রিকেট খেলার স্কোরারের দায়িত্ব পালন করে সুচারুভাবে খেলার ফলাফল নিশ্চিতে সহযোগিতা করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত নির্বাহী সদস্য প্রথম আলোর সাংবাদিক শাহ আলম সনি। এছাড়া চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের ব্যাট-বলের লড়াই দেখার জন্য মাঠে হাজির হন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ চুয়াডাঙ্গার নির্বাহী সদস্য এবং সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির আহাদ জোয়ার্দ্দার। তিনি দুই দলের খেলোয়াড়দেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় সুজনের জেলা কমিটির অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত