সমীকরণ প্রতিবেদক:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল চুরির অভিযোগে সুমন আলী (২৬) নামের এক যুবককে গণধোলাই দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকালে কার্পাসডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। গণধোলাই শেষে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। সুমন আলী নাটোর জেলার বড়াইগ্রাম থানার বনপাড়ার ইব্রাহীমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল বেলা ৩টার দিকে হারুন অর রশীদ নামের এক ব্যক্তি বাজার করতে কার্পাসডাঙ্গা বাজারে যাই। এ সময় হারুন অর রশিদ কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে তার পকেটে থাকা একটি স্মার্টফোন সুযোগ বুঝে চুরি করে সুমন আলী। এসময় হারুন অর রশিদ টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। তার চিৎকারে স্থানীয় লোকজন সুমন আলীকে গণধোলাই দিয়ে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশে সোপর্দ করে।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মসলেম উদ্দীন বলেন, মোবাইল চুরির সময় সুমন আলীকে হাতেনাতে আটকের পর স্থানীয়রা গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ না করায় সুমন আলীকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।
সমীকরণ প্রতিবেদন