প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার বেগমপুরে সড়ক দুর্ঘটনার ৯ দিন পর তুহিন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুহিন দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের সানাউল্লাহর ছেলে।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বেগমপুর থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেগমপুর কেরুজ কৃষি খামারের নিকট পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করে। সেখানে ৯দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল ভোরে তার মৃত্যু হয়। গতকালই তার লাশ নিজ গ্রামে এনে বাদ মাগরিব জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিল্পব কুমার সাহা বলেন, ১৫ ফেব্রুয়ারি রাতে গাছের সাথে ধাক্কা লেগে তুহিন আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন