দর্শনা অফিস:
দর্শনা পরানপুর মোড় থেকে লোকনাথপুর পর্যন্ত সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। এরই মধ্যে সড়কের পাশের জমির কৃষকরা সড়কের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির ৭৯টি গাছ কেটে নেন। খবর পেয়ে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা, জেলা পরিষদের নির্বাহী প্রধান মিজানুর রহমান ও সহকারী নির্বাহী ইসরাইল হোসেনসহ বেশ কয়েকজন কর্মকর্তা বিষয়টি সরেজমিন পরিদর্শন করেন। গাছ কাটার ঘটনায় পুলিশ বাদী হয়ে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে দর্শনা থানায় একটি মামলা করে।
মামলায় আসামিরা হলেন- পরানপুর গ্রামের আনোরুল অজিম (৪৫), খোকন (৪০, বাবু (৪২), মাসুদ (৪৫), মহসিন আলী, লোকনাথপুর গ্রামের মুকুল শাহ (৪৫), ইদ্রিস আলী (৪০), রমজান আলী (৪০) ও গটুর (৪৫)।
অভিযুক্তদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমাদের জমির সামনে সড়কের পাশের কাটা গাছগুলো আমাদের লাগানো। আমাদের গাছ কাটার কোন প্রয়োজন ছিলো না। দর্শনা লোকনাথপুর গ্রাম পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। পরানপুর গ্রামের সার ও কীটনাশক বিক্রেতা সড়ক নির্মাণের সাথে সংশ্লিষ্ট সেলিম উদ্দিন নামে এক ব্যক্তি বলেন, সড়কের কাজ চলছে আপনাদের যার যার জমির সড়কের পাশের গাছগুলো কেটে নেন। এর পর আমরা আমাদের নিজ নিজ জমির সামনে থাকা সড়কের পাশের গাছগুলো কেটে নিই। তারা বলেন, এখন শুনছি আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের কি অপরাধ। বিষয়টি সঠিক তদন্ত করে আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যহারের দাবি করছি।
সমীকরণ প্রতিবেদন