সমীকরণ প্রতিবেদক:
বিশ্বের লাখ লাখ স্কাউট অনুরাগীদের কাছে লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনটি খুবই আনন্দের দিন। বাংলাদেশ স্কাউটস, দিবসটিকে ‘বিপি দিবস’ হিসেবে পালন করে থাকে। দিনটিকে অনেকে ‘স্কাউট দিবস’ হিসেবেও অভিহিত করে থাকেন। সারা দেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে নানা আয়োজনে দিবসটি পালন করে জেলা স্কাউটস ও রোভার।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় যথাযথ মর্যাদায় স্কাউটের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েলের ১৬৭তম জন্মদিন পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এবং চুয়াডাঙ্গা জেলা রোভার। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, জেলা স্কাউটস ও জেলা রোভারের সভাপতি ড. কিসিঞ্জার চাকমার উপস্থিত থেকে কেক কেটে দিবসটি পালন করেন।
এসময় তিনি বলেন, স্কাউট এর তিনটি শাখা কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউট সবসময় আর্ত মানবতার জন্য কাজ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ২১ লাখ স্কাউট তৈরীর লক্ষ ইতিমধ্যে অর্জন করেছে বাংলাদেশ। সেইসাথে ২০৪১ সালের মধ্যে ৪১ লাখ স্কাউট তৈরীর লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ। স্কাউট রাষ্ট্রের সকল প্রকার কার্যক্রমে বিশেষভাবে সেবা প্রদান করে থাকে। এ সময় তিনি বিপি দিবসের আনুষ্ঠানিক সফলতা কামনা করেন।
এরআগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা রোভারের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ। তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের লক্ষ্য নিয়ে দেশ যে পথে এগিয়ে যাচ্ছে সেই জন্য তিনি কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউটদের বিশেষভাবে অবদান রাখা এবং ইউনিট লিডারদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জ্ঞাপন করেন।
উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. আব্দুল আজিজ, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক জাহিদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা রোভারের যুগ্ম সম্পাদক আবু নাসির, চুয়াডাঙ্গা জেলা স্কাউটস এর সম্পাদক তানভীর আহমেদসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের রোভার ইউনিট লিডার ও জেলা স্কাউট এর বিভিন্ন প্রতিষ্ঠানের ইউনিট লিডারসহ চুয়াডাঙ্গা জেলার সকল প্রতিষ্ঠান রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:
বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৭তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়। র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি এস এম রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি রাজিয়া আক্তার চৌধুরী, জেলা স্কাউটসের কমিশনার মো. মহিউদ্দীন, সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, সহকারী কমিশনার মুন্সী মো. আবু জাফর মোহাম্মদ আলী, জেলা রোভারের কমিশনার মো. ফিরোজ আল হাসান, সম্পাদক নাহিদ আক্তার প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন