আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী হয়েছে। গতকাল বুধবার সমাপনী সভায় প্রধান অতিথি অধ্যক্ষ ড. জে এম আব্দুর রকিব বলেন, আমি আলমডাঙ্গা সরকারি কলেজে যোগদান করার পর থেকে এই অঞ্চলের বিষয়ে অবগত হয়েছি। খুব অল্প সময়ে আমি অমর ২১ শে বইমেলা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমার সহকর্মীরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে বলেই আমরা সুষ্ঠুভাবে দুই দিনব্যাপী বই মেলা করতে সক্ষম হয়েছি। আলমডাঙ্গার কবি, লেখক, সাহিত্যিকসহ বিভিন্ন লাইব্রেরির মালিকদের সরকারি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আলমডাঙ্গার অত্যন্ত গুনি মানুষ সাবেক শিক্ষক আফিল উদ্দিন সাহেবের সাথে পরিচিত হতে পেরে ভালো লেগেছে। তিনি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে ৭১ এর স্বাধীনতা সংগ্রাম, বঙ্গবন্ধুর ডাকে এদেশের ছাত্রসহ লক্ষ লক্ষ যুবক ছেলে-মেয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। সবকিছু জানতে হলে পড়তে হবে।
বইমেলা উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইদুর রহমান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে দেশাত্মবোধক গান ‘ও আমার দেশের মাটি’ পরিবেশন করে সকলের হৃদয় স্পর্শ করেন চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাইদ ও তাঁর সহধর্মিণী। অনুষ্ঠানে বিশেষ অতিথি জিহসেবে আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের সাবেক শিক্ষক আফিল উদ্দিন, সহকারী অধ্যাপক গোলাম ছরোয়ার, সিনিয়র প্রভাষক ড. মাহবুবুর রহমান, তাপস রশিদ। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক সাহিত্যিক আসিফ জাহানের উপস্থাপনায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মুনয়েম, বইমেলার আহ্বায়ক প্রভাষক রাশেদুল মমিন।
এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হুসাইন বাদসা।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এদিন সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, আসিফ জাহান, আনোয়ার রশিদ, গোলাম রহমান, কহন কুদ্দুস, পিন্টু রহমান, হাসিনা হারভিয়া, জামিরুল ইসলাম, কিশোর কারোনিক, মহসিনিজ্জামান, সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমানসহ ১৮ জন কবিকে সনদ পত্র প্রদান করা হয়। এছাড়া মেলায় স্টল দেওয়ায় ৮টি স্টলের মালিকদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। এদের মধ্যে বইমেলায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, কলমি লতা সাহিত্য পত্রিকা পরিষদ, আলাউদ্দিন আহমেদ পাঠাগার, স্বয়ম্ভর পাঠাগার, উদ্ভাস সাহিত্য সংসদ, আলমডাঙ্গা সরকারি কলেজ পাঠাগার, নিমগ্ন পাঠাগার, বাংলাদেশ বই ঘর, ঢাকা বই ঘর, বই বিতান, আলমডাঙ্গা সরকারি কলেজের লাইব্রেরিসহ বেশ কয়েকটি স্টল শোভা পাচ্ছিল। এছাড়াও মেলায় পিঠা বিক্রয় করেছে আলমডাঙ্গার কয়েকজন নারী উদ্যোক্তা।
সমীকরণ প্রতিবেদন