সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে বীর মুক্তিযোদ্ধা শ্রী বাবলু ঘোষের বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় শ্রী বাবলু ঘোষের ছেলে বাসু দেবকে (৩৪) পিটিয়ে আহত করা হয়। গতকাল ভুক্তভোগী বাসু দেব বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় একই এলাকার দক্ষিণপাড়ার রফিকুল ইসলাম (৩৫) ও তার বাবা রেজাউল হককে (৫৫) আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গতকাল সকালে রফিকুল ইসলাম লাঠিসোঁট দিয়ে শ্রী বাবলু ঘোষের বাড়ির গেটে হামলা চালিয়ে ভাঙচুর ও গালিগালাজ করেন। এসময় বাসু দেব বাড়ি থেকে বের হয়ে রফিকুল ইসলামকে নিষেধ করলে তিনি বাসু দেবকে পিটিয়ে আহত করেন। পরে বাসু বেদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে রুফিকুল ইসলাম প্রাণনাসসহ হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় বাসু দেব আইনের আশ্রয় চেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় রফিকুলে ইসলামের বিরুদ্ধে অভিযোগ করেন।
বাসু দেবের মা সন্ধ্যা রানি ঘোস বলেন, আমরা তিন বছর পূর্বে এখানে জমি কিনে বাড়ি করেছি। আমার একটাই ছেলে। সে কারও সঙ্গে কোনো বিবাদে যায় না। কিন্তু রফিকুল ইসলাম বিভিন্ন সময় আমাদের ওপর আক্রমণ করার চেষ্টা করেন। তার ভয়ে আমরা বাড়িতে ঘণ্টা বাজিয়ে পূজা করতেও পারি না।
সমীকরণ প্রতিবেদন