সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে রান্না বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার আগ্রহী নারী এবং নারী পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন দক্ষ রান্না শিল্পীরা কীভাবে সহজ উপায়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করে তার প্রশিক্ষণ দেন। এছাড়া প্রশিক্ষণ নিয়ে কীভাবে একজন নারী উদ্যোক্তা ও স্বাবলম্বী হতে পারেন সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী মিসেস জান্নাতুল ফেরদৌস। তিনি বলেন, শুধুমাত্র রান্নার মাধ্যমে একজন নারী সারা দেশের নিজের পরিচিতি গড়ে তুলতে পারেন। পুনাকের আয়োজনে আজকের এই রন্ধন বিষয়ক প্রশিক্ষণ, অংশগ্রহণকারী নারীদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে আমি মনে করি।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুনাকের সহসভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গা পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তারসহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।
সমীকরণ প্রতিবেদন