দর্শনা অফিস:
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও দাখিরপরীক্ষা। তবে দর্শনা দারুস সুন্নাহ সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের ভুলে পরীক্ষায় অংশ নিতে পারছেন না পরীক্ষার্থী মাহফুজুর রহমান বাপ্পি। সে দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
জানা গেছে, গত তিন মাস আগে মাহফুজুর রহমান তিন হাজার টাকা মাদ্রাসায় জমা দিয়ে ফরম পূরণ করে মাদ্রাসার অধ্যক্ষ শফিউদ্দিনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। সেই হিসেবে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করে বাপ্পি। তবে গতকাল বুধবার পরীক্ষার প্রবেশপত্র আনতে গেলে সে জানতে পারে তার ফরম পূরণ হয়নি। এসময় মাহফুজুর রহমান বাপ্পি কান্নায় ভেঙ্গে পড়ে।
স্থানীয় সংবাদকর্মীদের নিকট কান্নাজড়িত কণ্ঠে বাপ্পি বলেন, ‘আমার জীবন থেকে ৩ হাজার টাকা ও একটি বছর হারিয়ে গেল। জানি না আমার ভাগ্যে দাখিল পরীক্ষা দেওয়া হবে কি না?’
এ বিষয় জানতে মাদ্রাসার অধ্যক্ষ শফিউদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই পরীক্ষার্থী আরেকজনের মাধ্যমে টাকা জমা দিয়েছে। তাকে ফরম পূরণের রশিদ আনতে বললে সে রশিদ দেখাতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশ আছে, টেস্ট পরীক্ষায় তিন বিষয়ে ফেল থাকলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। সে পাঁচ বিষয়ে ফেল করেছে। মাহফুজসহ মাদ্রাসায় দুইজন পরীক্ষার্থী ফেল করেছে। তারপরও তাদের ফরম পূরণ করতে বলা হয়েছে। এখন কী কারণে সে টাকা জমা দিতে পারেনি, আমি বুঝতে পারছি না।’ এদিকে, এ ঘটনায় মাদ্রাসাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। অভিভাবকরা এমন দায়িত্বহীন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদন