নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহরের বড়বাজার ও নীচের বাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযান সূত্রে জানা গেছে, গতকাল শহরের বড়বাজার ও নীচের বাজারে পেঁয়াজ আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুরগি, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় শহরের শহীদ হাসান চত্বরে মেসার্স শিমরান হোটেলে তদারকিতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াকরণের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সায়েম মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৮হাজার টাকা জরিমানা করা হয়। পরে বড়বাজারের কাঁচাবাজার, আড়ত, মাছ-মাংস, মুরগি, সবজি, পেয়াজের বাজার তদারকি করা হয়। এসময় মেসার্স বিপুল স্টোরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স নবী পোল্ট্রি হাউজকে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত মুনাফা করার অপরাধে নবীউদ্দিনকে ৪৫ ধারায় ১ হাজার টাকা এবং মেসার্স বৈশাখী বাণিজ্যালয়ের মালিক সুলতান কবিরকে পেয়াজসহ আড়তে অন্যান্য পণ্যের ভাউচার ও মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। অভিযানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সমীকরণ প্রতিবেদন