নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গেইম ডেভোলপমেন্ট বিভাগের এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলাম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেক্টর জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলার মাহবুব আলম রবিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের কোচ শ্যামল সরকার, খুলনা বিভাগের সহকারী কোচ মুফাচ্ছিনুল ইসলাম তপু, চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট দলের কোচ খন্দকার জেহাদি জুলফিকার টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ টুটুল মোল্লা, নির্বাহী সদস্য নাসির আহাদ জোয়ার্দ্দার, মহসিন রেজা, রায়হান মোল্লা, রাশিদুল ইসলাম, শেখ রাসেল, দেলোয়ার হোসেন দিলু, শফিকুল ইসলাম মালেক, মমিন খান, আব্দুল কাদির প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টসে জয়লাভ করে বরিশাল বিভাগীয় দলের অধিনায়ক নাজমুল হাসান সিয়াম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ৪২ সভার চার বলে সবকটি উইকেট হারিয়ে বরিশাল বিভাগ সংগ্রহ করে ১১৮ রান। জবাবে ঢাকা বিভাগ নর্থ ৪৬ ওভার ২ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এতে ঢাকা বিভাগ নর্থ ৪ উইকেটে জয়লাভ করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। ঢাকা বিভাগ নর্থের জিম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করে। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চতুর্থ ভেন্যুর মর্যাদা পাওয়া এ ভেন্যুতে ৫টি ম্যাচে মুখোমুখি হবে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা নর্থ, বিকেএসপি ও রাজশাহী বিভাগীয় দল। উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভূক্ত আম্পায়ার দ্বীন ইসলাম, শফিকুল ইসলাম মালেক, জালাল উদ্দিন রাসেল ও ইমরান।
আগামীকাল মঙ্গলবার রাজশাহী বিভাগ মুখোমুখি হবে স্বাগতিক খুলনা বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক-কোচ ইসলাম রকিব।
সমীকরণ প্রতিবেদন