বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় তিন দিনব্যাপী কবি নজরুল মেলার উদ্বোধন অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর

  • আপলোড তারিখঃ ১৭-০২-২০২৩ ইং
কার্পাসডাঙ্গায় তিন দিনব্যাপী কবি নজরুল মেলার উদ্বোধন অনুষ্ঠানে এমপি আলী আজগার টগর
মাহবুব মনি, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পল্লীর আটচালা ঘর সংলগ্নে তিন দিনব্যাপী কবি নজরুল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় কবি নজরুল মেলা-২০২৩ এর উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক এম এ গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জাগরণের কবি কাজী নজরুল ইসলামের লেখনী জাতীয় সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আমাদের উজ্জীবিত করেছে। শোষণ, বঞ্চনা, অত্যাচার, কুসংস্কার ও পরাধীনতার বিরুদ্ধে তিনি লিখেছেন। তিনি বাঙালির জাগরণের কথা বলেছেন, স্বাধীনতার বাণী শুনিয়েছেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মন্ত্র দিয়েছেন।’ তিনি আরও বলেন, সৃষ্টিশীল এই মহান কবির প্রতি সম্মান জানাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি ও তার পরিবারের সদস্যদের ১৯৭২ সালে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন। কবিকে আবাসন ও চিকিৎসা সুবিধাসহ নাগরিকত্ব প্রদান করেন। আমরা আশা করি, নতুন প্রজন্ম নজরুল চর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করবে এবং বৈষম্যহীন ও সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে দেশপ্রেমের মহান ব্রতে উজ্জীবিত হয়ে জাতি গঠনে অর্থবহ অবদান রাখবে।’ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ছড়াকার কবি আতিক হেলাল, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নাজমুল হেলাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকউর রহমান। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ। বক্তব্য দেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান ও কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, আহম্মাদ আলী মাস্টার, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, ইউপি প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, নূর মোহাম্মদ ভগু, কবি স্মৃতি বিজড়িত আটচালা ঘর মালিক প্রকৃতি বিশ্বাস বকুল, মধু বিশ্বাস, শিল্পী রঘুনাথ পাল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ