শপথ নিলেন দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে নবনির্বাচিত কমিটির সদস্যরা
- আপলোড তারিখঃ
১১-০২-২০২৩
ইং
দর্শনা অফিস:
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ ও দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার বিকেল চারটায় দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্সের সভাকক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও চিনিকলের মহাব্যস্থাপক (অর্থ) মুহম্মদ সাইফুল ইসলাম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আগের কমিটির হিসাব বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, ‘কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের এই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দায়িত্ব পাওয়ার পরে তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত নেতৃবৃন্দের নানা বিষয়ে অভিযোগ ছিল। বিভিন্ন প্রতিকূলতার পরেও সকলের আন্তরিকতা ও সহযোগিতায় সুষ্ঠু ও নিরেপক্ষ একটি নির্বাচন আমরা পরিচালনা করতে সক্ষম হয়েছি। আজ (গতকাল) শপথের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।’ এসময় তিনি নির্বাচিত নতুন কমিটিকে অভিনন্দন জানান।
চিনিকলের মহাব্যস্থাপক (অর্থ) সাইফুল ইসলামের সভাপতিত্বে শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি বলেন, ‘বিজয়ী হওয়া সকল নেতা-কর্মীরা যদি শ্রমিক ও কর্মচারীদের পাশে থেকে কাজ করে, তবে প্রতিষ্ঠানের আরও উন্নয়ন সম্ভব হবে। একই সঙ্গে শ্রমিক কর্মচারীরাও সুন্দরভাবে তাদের কর্তব্য পালন করতে পারবে।’ এসময় তিনি নবনির্বাচিত কমিটির সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব আবু সাইদ, প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক (পার্সনাল) আল-আমিন, উপ-ব্যবস্থাপক (হিসাব) জাবেদ হাসান, জুনিয়ার অফিসার (বাণিজ্যিক) জহির উদ্দিন, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অফিস সহকারী আশরাফুল আলম।
কমেন্ট বক্স