বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- আপলোড তারিখঃ
০৯-০২-২০২৩
ইং
ঝিনাইদহ অফিস:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আরিফুল ইসলাম নামের বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এসময় এক যুবক গুলিবিদ্ধ হন। গতকাল বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতের পাখিউড়া এলাকায় এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জামিরুল হক এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত আরিকুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার আফিজ উদ্দীনের ছেলে।
জানা যায়, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন বাংলাদেশি গত মঙ্গলবার রাতে শ্যামকুড় সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান। গতকাল বুধবার ভোরে ভারতের ওমরপুর গ্রামের মাঠে পৌছালে পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন আরিফুল ইসলাম। বাকি সহযোগীরা সীমান্ত পার হয়ে পালিয়ে দেশে ফিরে এসে ঘটনাটি জানায়। এ সংবাদ লেখা পর্যন্ত আরিফুলের মরদেহটি ভারতের নদীয়া জেলার হাসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে পড়ে ছিল।
বিষয়টি নিয়ে মহেশপুর-৫৮ বিজিবির সিও লে. কর্নেল পারভেজ জানান, ‘আমরা এমন একটি ঘটনা শুনে সীমান্তের কাছে উপস্থিত হয়ে বিএসএফর সাথে যোগাযোগ করেছি। কিন্তু বিএসএফ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে লোকমুখে শোনা যাচ্ছে নিহত ব্যক্তি শ্যামকুড় গ্রামের আরিফুল।’ এদিকে আরিফুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমেন্ট বক্স