বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার খাসকররায় কিশোরীসহ চারজনকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২৩ ইং
আলমডাঙ্গার খাসকররায় কিশোরীসহ চারজনকে কুপিয়ে জখম
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার খাসকররায় বসতবাড়িতে ঘর তৈরিকে কেন্দ্র করে এক কিশোরীসহ চারজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাসকররা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন- সদর উদ্দিনের ছেলে আব্দুল ওদুদ (৪৫), স্ত্রী পারভিনা খাতুন (৪০), মেয়ে বর্ষা খাতুন (১৬) ও মঙ্গল মন্ডলের ছেলে তৌহিদুল (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাসকররা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেলের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির জমি নিয়ে ওদুদের বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। গতকাল মঙ্গলবার রাতে চাচা ওদুদের সাথে সোহেলের ঘর নির্মাণকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এসময় সোহেল ও চাচাতো ভাই মোতালেবের ছেলে রাকিব ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওদুদকে রক্তাক্ত জখম করে। ওদুদের চিৎকারে তার স্ত্রী পারভিনা খাতুন ও মেয়ে বর্ষা ঠেকাতে গেলে তাদের ওপরেও হামলা করে। এসময় চাচা তৌহিদুল ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ