আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারির কারাদণ্ড
- আপলোড তারিখঃ
০৭-০২-২০২৩
ইং
নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় অভিযান চালিয়ে আবু হানিফ নামের এক মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আবু হানিফকে তার বাড়ি থেকে ২ শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজাসহ জরিমানা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুর। সাজাপ্রাপ্ত আবু হানিফ (৩২) আলমডাঙ্গা উপজেলার কামালপুর মণ্ডলপাড়ার চাঁদ আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুরের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন সঙ্গীয় ফোর্স নিয়ে আবু হানিফের বাড়িতে অভিযান চালিয়ে ২ শ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নুর ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবু হানিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে গতকালই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট বক্স