দামুড়হুদায় ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
- আপলোড তারিখঃ
০৩-০২-২০২৩
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদায় ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা এবং ক্রীড়া পতাকা উত্তোলন করেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
প্রতিযোগিতার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের ধর্মীয় শিক্ষক ইউনুস আলী। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও রোকসানা মিতা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলার মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরা যায়। এছাড়া খেলাধূলা শিশুদের শারীরিক গঠনের পাশাপাশি মেধার বিকাশ ঘটায়।’ ফাস্ট মাল্টিমিডিয়া মডেল স্কুলের শিক্ষক ও আরটিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি জহির রায়হান সোহাগের উপস্থাপনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা মডেল অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি এম. নুরুন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিক্ষক মোমিনুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুলের পরিচালক মাসুম বিল্লাহ। পুরষ্কার বিতরণ শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদু প্রদর্শন করা হয়। জাদু প্রদর্শন করেন দামুড়হুদার কৃতী সন্তান দেশ বরেণ্য জাদুশিল্পী মোহাম্মদ আলী ওরফে জুনিয়র মণ্টু। সংগীত পরিবেশন করেন স্কুলের ছাত্র-ছাত্রী ও দামুড়হুদা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
কমেন্ট বক্স