আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় মাথাভাঙ্গা নদী থেকে বালি উত্তোলন
- আপলোড তারিখঃ
৩১-০১-২০২৩
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় আবাসন প্রকল্প উন্নয়নের নামে মাথাভাঙ্গা নদী থেকে বালি উত্তোলন করা হচ্ছে। এসব বালি নামমাত্র আবাসনে দিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করবে বলে দাবি করেছে স্থানীয়রা। নদীর ২০ ফিট গভীর থেকে ড্রেজিং করায় নদীর পাড় ভাঙার শঙ্কা করছে এলাকাবাসী। সরকারি কমিউনিটি ক্লিনিকের সন্নিকটে এমন বালি উত্তোলনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে প্রভাবশালীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, যার ঘর ও জমি নেই, এমন দুস্থ পরিবারকে জমিসহ ঘর উপহার দিচ্ছে সরকার। এ তালিকায় উপজেলার হাটবোয়ালিয়ার মাথাভাঙ্গা নদীর পাড়েই গড়ে তোলা হচ্ছে সারিবদ্ধ ১২টি পাঁকা স্থাপনা। দ্রুতই প্রধানমন্ত্রী দুস্থ পরিবারকে এসব ঘর উপহার দেবেন। ঘর নির্মাণকাজ আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরাসরি দেখভাল করছেন। প্রতিটি ঘরের জন্য ৫ স্ট্রেয়ারিং বালির প্রয়োজন হবে। ১২টি ঘরে মোট প্রয়োজন ৬০ স্ট্রেয়ারিং বালি। আর এ সুযোগে স্থানীয় মেম্বারসহ প্রভাবশালী কয়েকজন বালি উত্তোলনের মাধ্যমে বাণিজ্যিক সুবিধা নিতে মরিয়া হয়ে পড়েছে। ইতঃমধ্যে মাথাভাঙ্গা নদীতে স্থাপন করা হয়েছে বালি উত্তোলনের ড্রেজিং মেশিন।
বালি মাটি আইনের ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। তবে আলমডাঙ্গার মাথাভাঙ্গা নদীর যে স্থানে বালি উত্তোলন করা হচ্ছে, তার ২ শ মিটারের মধ্যে নির্মাণ করা হচ্ছে ব্রিজ। মাত্র ২০ মিটারের মধ্যে রয়েছে কমিউনিটি ক্লিনিক ও ১ শ মিটারের মধ্যে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও গুরুত্বপূর্ণ সড়ক। এছাড়াও বালি উত্তোলনের জায়গা থেকে প্রায় দেড়শ মিটারের মধ্যে সরকারি আবাসনের ১২টি ঘর নির্মাণ করা হচ্ছে।
এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহিবুল জানান, সরকারি ঘরে বালির প্রয়োজনের স্বার্থে মাথাভাঙ্গা নদী থেকে ড্রেজিং করে বালি উত্তোলন করা হচ্ছে। ব্যক্তিগতভাবে বিক্রি করা হচ্ছে না। তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী অফিসারের পিএ-কে বিষয়টি অবহিত করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর জানান, বালি উত্তোলনের জন্য কাউকে অনুমতি দেওয়া হয়নি। ঘরের জন্য কিছু বালি লাগবে, প্রয়োজনে বালি ক্রয় করা হবে। কিন্তু অনিয়ম বরদাস্ত করা হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।
কমেন্ট বক্স