চুয়াডাঙ্গায় গোপনে স্কুলছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটকে প্রকাশ
- আপলোড তারিখঃ
০৬-০১-২০২৩
ইং
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাওয়া ও আসার ভিডিও গোপনে ধারণ করে টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সতীনাথ কর্মকার (৩০) নামের এক চা-দোকানীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলায় গড়াইটুপিতে গ্রামে এ ঘটনা ঘটে। ভিডিওটি দর্শনা থানা পুলিশের কাছে এলে ভিডিও প্রকাশদাতাকে খুঁজে বের করা হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সতীনাথ কর্মকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও এ ধরণের কর্মকাণ্ডের সঙ্গে পরবর্তীতে আর যুক্ত না থাকার শর্তে মুক্তি দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। অভিযুক্ত সতীনাথ কর্মকার সদর উপজেলার গড়াইটুপি গ্রামের পালপাড়ার বিমল কর্মকারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিজ দোকানে বসে রাস্তা দিয়ে যাওয়া ও আসার সময় মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে তা নিজ টিকটক ও ফেসবুক আইডিতে প্রকাশ করতেন সতীনাথ কর্মকার। বিষয়টি দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবিরের নজরে এলে তিনি তিতুদহ ক্যাম্প পুলিশের সহায়তায় অভিযুক্ত সতীনাথ কর্মকারকে আটক করেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া বলেন, বিদ্যালয়ের ছাত্রীদের যাতায়াতের সময় পথে বসে তাদের গোপনে ভিডিও করে টিকটক তৈরি করতেন এক চা-দোকানী। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবেন না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি দেন।
কমেন্ট বক্স