করোনার নতুন ধরণ ঠেকাতে সতর্ক দর্শনা চেকপোস্ট
- আপলোড তারিখঃ
০৩-০১-২০২৩
ইং
সমীকরণ প্রতিবেদন:
মহামারি করোনার নতুন উপধরন বি এফ-৭ ঠেকাতে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে সতর্কতার সঙ্গে র্যপিড অ্যান্টিজেন পরীক্ষা করার নির্দেশনা দেয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্যবিভাগ থেকে এমন নির্দেশনা আসার পর চেকপোস্টে সতর্কতার সাথে কাজ করা হচ্ছে। দর্শনা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ আবু নাইম জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় দেড় থেকে দু’শ ভারতীয় পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে। এ ছাড়া সপ্তাহে ৬ দিন ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ও প্রায় প্রতিদিনই ভারত থেকে মালবাহি ট্রেন দর্শনা বন্দরে আসে। তিনি আরও জানান স্থলপথে যে সব ভারতীয় পাসপোর্ট যাত্রী যাতায়াত করে শুধু তাদেরই সতর্কতার সাথে র্যাপিড অ্যান্টিজেন করে নতুন এ ভাইরাস সনাক্তের কাজ করা হচ্ছে।
দর্শনা সীমান্ত চেকপোস্টে নিয়োজিত স্বাস্থ্য কর্মকর্তা ও উপ সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার শামীম আহমেদ ও মোখলেসুর রহমান জানান, গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্য বিভাগ থেকে করোনার নতুন উপধরন বি এফ-৭ সনাক্তে সতর্কতার সঙ্গে কাজ করতে বলা হয়েছে। দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের সুপারিনটেন্টডেন্ট মীর্জা কামরুল হাসান জানান, দর্শনা স্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে ৬দিন যাতায়াত করে। দর্শনা স্টেশনে মাত্র ১৫ মিনিটের বিরতি থাকে, যেখানে শুধুমাত্র খাবার পরিবেশন ও ক্রু বদলানোর কাজ শেষে স্টেশন ত্যাগ করেন। এ ছাড়া ভারতীয় মালবাহি ট্রেনে যারা চালক ও সহকারি হিসেবে আসেন তারা মাত্র আধা ঘন্টার মধ্যেই দর্শনা ছেড়ে চলে যায়।
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা ওয়াহিদ জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা আগে থেকেই সতর্কতার সঙ্গে সীমান্তে পরীক্ষা নিরীক্ষার কাজ করে আসছি।
কমেন্ট বক্স