ঝিনাইদহে বাসের ধাক্কায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু
- আপলোড তারিখঃ
২৮-১২-২০২২
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৪) নামে নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা রকিবুল ইসলামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত রকিবুল ইসলাম শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি শহরের ব্রাক ব্যাংকের নাইট সিকিউরিটি গার্ড ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিরাতের মতো রাতের ডিউটি শেষ করে সকালে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রকিবুল। পথের মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়। এসময় হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রকিবুলকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী বলেন, ‘সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি ক্যাডেট কলেজের সামনে বাসের ধাক্কায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে জখম রকিবুল ইসলামকে উদ্ধার করে সদর হাসপাতালে নিই। তবে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলমান রয়েছে।
কমেন্ট বক্স