মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে এসপি আব্দুল্লাহ আল মামুন

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকালে এসপি আব্দুল্লাহ আল মামুন
সমীকরণ প্রতিবেদন: দেশের ঐহিত্যবাহী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পেছনে একেকটি আন্দোলন পেরিয়ে আসার যে অধ্যায়, তার প্রতিটি পর্যায়ে ইত্তেফাক নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নানা চড়াই-উৎরাই ও কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে ইত্তেফাক গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আমন্ত্রিত অতিথি এবং চুয়াডাঙ্গার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে ফিরে আসে। এসময় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ-আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রাচীন এবং ঐতিহ্যবাহী দৈনিক পত্রিকা ইত্তেফাক। এ পত্রিকাটি তার নিজস্ব উজ্জ্বলতায় দীর্ঘ পথ অতিক্রম করে আজও গৌরবময় উজ্জ্বলতার স্বাক্ষর রেখে চলেছে নিজস্ব স্বকীয়তায়। আরোহন করেছে শেকড় থেকে শিখরে। পুলিশ সুপার তার পেশাগত দায়িত্বের কথা উল্লেখ করে আরও বলেন, পুলিশ এবং সাংবাদিকের কাজ অনেকটা একই রকম। সাংবাদিকরা অনেক তথ্য ও উপাত্ত দিয়ে সমাজের দর্পণ হিসাবে যে সংবাদগুলো পরিবেশন করে থাকে, তা অনুকরণ করে পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমাজের নানা অন্যায়, অবিচার ও জুলুমের প্রতিকার করে সমাজকে সাধারণ মানুষের আবাসযোগ্য করে গড়ে তোলে। তিনি বলেন, এই পত্রিকাটির প্রতিষ্ঠাতা মরহুম তোফাজ্জল হোসেন মানিক মিয়া আমার জেলার (ঝালকাঠি) কৃতি সন্তান। তাই এই পত্রিকা এবং পত্রিকা সংশ্লিষ্ট মানুষগুলোকে নিয়ে আমি অহংকার করি। জনাব তোফাজ্জল হোসেন নিজে যেমন আপন আলোয় উদ্ভাসিত হয়েছিলো এ পত্রিকার মাধ্যমে, তেমনি এই পত্রিকাটিও এদেশের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনকে বেগবান করেছে তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে। বিশেষ করে ১৯৫৪'র নির্বাচন, ১৯৬৬ ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে বাঙালি ও বাংলার মুখপাত্র হয়ে সংবাদ পরিবেশন এর মাধ্যমে দেশে ও বিদেশে জনমত গঠন করেছে। যা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করার পাশাপাশি চূড়ান্ত স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দৈনিক ইত্তেফাক।’ দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক রুবাইত বিন আজাদ সুস্থিরের সভাপতিতে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি সাগর ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বিপুল আশরাফ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিবের উপস্থাপনায় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, এন টিভি প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের দামুড়হুদা প্রতিনিধি মনিরুজ্জামান ধীরু প্রমুখ। সভা শেষে কেক কেটে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এদিকে, দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭০ বছর পূর্তি উপলক্ষে দর্শনায় লাঠি খোলার তালে তালে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় দর্শনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‌্যালিটি দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত বর্ষপূর্তি আলোচনা সভায় অংশ নেয়। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর দর্শনা সংবাদাতা মনিরুজ্জামান দীরুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেয়, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম ফারুক আরিফ। সভায় উপস্থিত ছিলেন, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, শাহা জামাল, প্রেক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়ার সংবাদিক এফএ আলমগীর হোসেন, আহসান হাবিব মামুন, আশাবুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ