সমীকরণ প্রতিবেদন:
প্রতি বছরের ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। সারা দেশের ন্যায় গতকাল রোববার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি যথাযথ গুরুত্বের সঙ্গে অভিবাসনসংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
চুয়াডাঙ্গা:
‘থাকবো ভালো রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়বো বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ দিবসে জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চুয়াডাঙ্গার দুইজন প্রবাসী কৃতী সন্তানের নাম ঘোষণা করা হয়েছে। জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সম্মাননা প্রাপ্ত দুইজন হলেন, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও নারীদের মধ্যে সাউথ আফ্রিকা প্রবাসী রুশিয়া খাতুন।
দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দক্ষ হয়ে বিদেশ যাওয়া উচিৎ। প্রশিক্ষণ না নিয়ে বিদেশ যাওয়ার কারণে আমাদের রেমিট্যান্স কম আসে। প্রশিক্ষণ নিয়ে অনেক কম খরচে সরকারিভাবে বিদেশ যাওয়া যায়। বর্তমান সরকার আমাদের সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। মানুষকে জানানোর জন্য আমাদের বেশি বেশি প্রচার প্রচারণা করতে হবে। উঠান বৈঠকের মাধ্যমে প্রচার প্রচারণা বাড়াতে হবে। সবাইকে দক্ষতা অর্জন করতে হবে। কর্মক্ষেত্রে শুধু দেশকে বেছে নিলে হবে না। আমাদের তরুনদের কাজে লাগাতে হবে। তরুনদের বসিয়ে রাখলেও হবে না। দেশের অর্থনৈতিক চাকাকে শক্তিশালি করতে তরুনদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।’
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী মুনসুর বাবু, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যক্ষ মোছাবেরুজ্জামান।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রেহাজ উদ্দীন। আলোচনা সভা শেষে চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ নারী রেমিট্যান্স যোদ্ধা হিসেবে সাউথ আফ্রিকা প্রবাসী রুশিয়া খাতুনের পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধা হিসেবে চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) সাবেক সভাপতি, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক জরুরিকাজে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় পরবর্তীতে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। এছাড়াও, বাংলাদেশ ইসলামি ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা শাখায় সবথেকে বেশি রেমিট্যান্স আসায় ব্যাংকটির চুয়াডাঙ্গা শাখাকেও সম্মননা স্মারক দেওয়া হয়।

মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকালে জেলা প্রশসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে শেষ হয়। র্যালিটির নেতৃত্ব দেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। র্যালিতে অংশ নেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, মেহেরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আরিফ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও টেনিং সেন্টারের শিক্ষার্থীরাবৃন্দ। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ:
‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান অফিসের আয়োজনে গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক মনিরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, দেশের উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য বিদেশ গমনেচ্ছুদের প্রতি আহ্বান জানান।