চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় বক্তারা
- আপলোড তারিখঃ
১৬-১২-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টি এবং বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম শাহীন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফত রহমান বলেন, ‘একটি জাতিকে যদি ধ্বংস করতে হয়, সেই জাতির মধ্যে মাদক ঢুকিয়ে দিতে হয়। তাহলে খুব সহজেই সেই জাতি ধ্বংসের দিকে চলে যায়। মাদকসেবী তার পরিবারের ওপরই নির্যাতন করে। যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচাতে হবে। অনেক যুবক ছেলে মাদক সেবন বা ব্যবসার দায়ে জেলে আটকে আছে। মাদকের জন্য আইন প্রয়োগ করা হচ্ছে। জেলখানা থেকে বের হয়েও অনেকে আবার মাদক ব্যবসার সাথেই যুক্ত হচ্ছে। মূলত মাদক নির্মূলে সচেতনতা প্রয়োজন। নিজের স্বজন কী করছে, খেয়াল রাখতে হবে। পারিবারিক অ্যাওয়ারনেস গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ধর্মীয় দিক থেকে কেউ মাদকাসক্ত হয় না। পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, ইসলামিক অনুশাসন মেনে চলা মানুষ মাদকের দিকে যায় না। ইমামগণের কথা সবাই শোনে। আপনারা মসজিদে খুতবায় মাদকের ক্ষতি ও ধ্বংসের দিকগুলো তুলে ধরে আলোচনা করবেন। ইসলামের আলোকে আলোচনা করলে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। পরিবর্তন আনতে হবে মানুষের মনে। ইসলাম শান্তির ধর্ম। সমস্যার সমাধান করে। ইসলামের প্রকৃত বাণী মানুষের কাছে পৌছাতে হবে।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত। বাংলাদেশের স্বাধীনতা হাজার বছরের সংগ্রামের পরিণতি। মুক্তিযোদ্ধাদের বীরত্বের কাহিনী বাঙালি হৃদয়ে চিরজাগরূক হয়ে থাকবে। তাদের আত্মত্যাগের ফসল নষ্ট হয়নি। মহান স্বাধীনতা যুদ্ধসহ স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনের সব বীর শহিদের বীরত্বগাথা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ এই প্রবাসে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার মজিবর রহমান, ফিল্ড সুপারভাইজার জিয়াউর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মাওলানা আমির হোসেন।
কমেন্ট বক্স