জীবননগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান মাদকসহ আটক তিনজনের জেল-জরিমানা
- আপলোড তারিখঃ
১৫-১২-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক:
জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম। সাজাপ্রাপ্তরা হলেন- জীবননগর উপজেলার লক্ষীপুর ব্রিজপাড়ার শুকুর আলীর স্ত্রী মর্জিনা বেগম (৪৫), একই এলাকার মৃত চাঁদ আলীর ছেলে বাবুল হোসেন (৪৫) এবং গঙ্গাদাসপুর মাঝেরপাড়ার মৃত আনছার আলীর ছেলে বদর উদ্দিন (৬২)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন ও সাহারা ইয়াসমিন ফোর্স নিয়ে মর্জিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। এছাড়া একই উপজেলার লক্ষীপুর ব্রিজ মোড়ে অভিযান চালিয়ে ১ লিটার চোলাই মদসহ বাবুল হোসেনকে এবং বদর উদ্দিনের বাড়ি থেকে দেড় লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে মার্জিনা বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা, বাবুল হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা এবং বদর উদ্দিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স