কালীগঞ্জে জুয়া, মাদক ব্যবসা ও নারী নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের সংঘর্ষ
- আপলোড তারিখঃ
০১-১২-২০২২
ইং
ঝিনাইদহ অফিস: জুয়া, মাদক ব্যবসা ও নারী নিয়ে দ্বন্দ্বের জেরে ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা আরিফ হোসেন (৪৮) নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষের ও ঘটনা ঘটে। একই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন কালীগঞ্জ পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল। নিহত আরিফ যুবলীগের সাবেক ওয়ার্ড সম্পাদক ও কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্কারের ছেলে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম জানান, দীর্ঘদিন ধরে কাশিপুর বেদে পল্লীতে জুয়া ও মাদক ব্যবসা চলে আসছে। এ নিয়ে সাপুড়িয়া মনিরুল ইসলাম ও রাসেলের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। মাদক ও জুয়ার বিরুদ্ধে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে বেদে পল্লীতে মোটিভেশন সভা করেন। তারপরও সেখানে জুয়া ও মাদক বন্ধ করা যায়নি। তিনি আরও বলেন, নিহত আরিফ জুয়া ও মাদক ব্যবসায় টাকা লগ্নিকারী হিসেবে বেদেপল্লী নিয়ন্ত্রণ করতেন। তিনি আগের কমিটিতে যুবলীগের পদে ছিলেন, কিন্তু এখন নেই।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে জুয়া খেলা ও নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় যুবলীগ নেতা আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, শাবনুর খাতুন, নীরব হোসেন ও পাশ^বর্তী গ্রামের আব্দুল লতিফসহ অন্তত ১০ ব্যক্তি আহত হন। পরে সাপুড়িয়া রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খলিলুর রহমান ও কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে তাদের ওপর সাপুড়িয়া রাসেল গ্রুপের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে।
আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পাশ^বর্তী গ্রামের আব্দুল লতিফকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার মধ্যরাতে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌছালে তিনি মারা যান। অভিযোগ উঠেছে গোটা কালীগঞ্জ উপজেলায় মাদকের বিষয়ে স্থানীয় পুলিশ নমনীয়। ৩ থেকে ৪ দিন আগে কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া সেখানে অভিযান চালান, কিন্তু কোনো ব্যবস্থা নেননি।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা মাদক ও জুয়ার বিষয়টি এড়িয়ে বলেন, ‘বেদে পল্লীতে এক নারী নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এলাকায় পুলিশি অভিযান টহল জোরদার করা হয়েছে।’
কমেন্ট বক্স