প্রায় ১২ কেজি ওজনের ৯১টি স্বর্ণের বার উদ্ধার
- আপলোড তারিখঃ
৩০-১১-২০২২
ইং
জীবননগর অফিস: ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবি পৃথক স্থানে অভিযান চালিয়ে ৯১টি স্বর্ণের বার উদ্ধার করেছে। উদ্ধারকৃত ১১ কেজি ৭৩৮ গ্রাম ওজনের এই বারগুলোর মূল্য সাড়ে ৮ কোটি টাকা। গতকাল মঙ্গলবার রাতে মহেশপুর উপজেলার গোপালপুর ও চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই স্বর্ণের চালান উদ্ধার করে বিজিবি। এসময় জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের তবিবুর রহমানের ছেলে শুকুর আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মহেশপুর-৫৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম আরও জানান, মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে স্বর্ণের বার পুঁতে রাখা আছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার টাকা। অন্যদিকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আকন্দবাড়িয়া যাওয়ার সময় শুকুর আলী নামের এক পাচারকারীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে রাখা ৫০ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের ৬টি সোনার বার জব্দ করা হয়। এবিষয়ে মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কমেন্ট বক্স