কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব
- আপলোড তারিখঃ
৩০-১১-২০২২
ইং
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুডহুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রেণি শিক্ষকদের নিকট টাকা-পয়সার হিসেব চাইলে তাঁদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয় চলাকালীন সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষকরা দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা বিদ্যালয়ের বাৎসরিক হিসাব-নিকাশ দেওয়ার জন্য শ্রেণি শিক্ষকদের নোটিশ দেন। নোটিশ পেয়ে শ্রেণি শিক্ষকেরা প্রধান শিক্ষকের নিকট হিসাব দিতে অপরাগতা প্রকাশ করেন। এরই কিছুক্ষণ পরে প্রধান শিক্ষক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের নিয়ে জাহিদুলসহ নোটিশ দিয়ে উল্লেখিত দুজন শ্রেণি শিক্ষকের নিকট গিয়ে নোটিশের বিষয়ে কৈফিয়ত চান। এসময় উভয় শিক্ষকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এবিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত শিক্ষক জাহিদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আরা বলেন, ‘আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকদের নিকট থাকা আয়-ব্যয়ের হিসাব চেয়ে নোটিশ প্রেরণ করি। এরই প্রেক্ষিতে বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক হয়েও দুজন শ্রেণি শিক্ষক আমার সঙ্গে মারমুখী আচরণ করেন এবং আমাকে গালিগালাজ করেন। তারা হিসাব তো দেয়ই না, আবার সবসময় অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে।’ তিনি আরও বলেন, ‘বিদ্যালয় পরিচালনার নিয়মিত কমিটি না থাকায় শ্রেণি শিক্ষকেরা বেপরোয়া হয়ে উঠেছে। এবিষয়ে আমি উপজেলা প্রশাসনের নিকট অভিযোগ করব।’
এবিষয়ে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কমেন্ট বক্স