চুয়াডাঙ্গার বদরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২২
ইং
প্রতিবেদক, সরোজগঞ্জ: চুয়াডাঙ্গায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঠান্ডা নেছা (৬৬) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বদরগঞ্জ বাজার পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় ব্যক্তিরা তঁাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ঠান্ডা নেছাকে মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ঠান্ডা নেছা বদরগঞ্জ বাজারে ভিক্ষা করছিলেন। এরই একপর্যায়ে তিনি রাস্তা পার হতে গেলে ঝিনাইদহমুখী কাঁচামাল বোঝায় একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় ঠান্ডা নেছা গুরুতর জখম হলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম বলেন, ‘দুপুরে স্থানীয় ব্যক্তিরা সড়ক দুর্ঘটনার শিকার ওই বৃদ্ধাকে জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগে আমরা তাঁকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপতালে নেওয়ার পূর্বে তাঁর মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।’
কমেন্ট বক্স