খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত : পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া
- আপলোড তারিখঃ
১৯-১১-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২২-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলার শীর্ষস্থান অর্জন করেছে আলমডাঙ্গা পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদরাসা। জেলার শীর্ষস্থান অর্জন করায় এ মাদরাসাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় যশোর সতীঘাটা মাদারিস প্রাঙ্গনে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় উলামা সম্মেলনে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক উপস্থিত থেকে এই সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন। মাদরাসার পক্ষে সম্মাননা গ্রহণ করেন পাঁচকমলাপুর দারুল উলুম হাফেজিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম আলহাজ¦ হাফেজ মো. ইনারুল ইসলাম ইন্না।
জানা যায়, খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন কওমি মাদরাসার ৮ হাজার মুহতাতিম অংশ নেন এই সম্মেলনে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও আল হাইআতুল উলয়া লিল জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদুল হাসান। খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা মুস্তাক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শাহী মুরাদাবাদ মাদরাসার মুহতামিম সায়্যিদ আশহাদ রশীদী। প্রধান আলোচক ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাহফুজুল হক।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, খুলনা বিভাগীয় উলামায়ে কিরামের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সব কওমি মাদরাসাকে বেফাকের সাথে যুক্ত, তালিম-তরবিয়তের মানোন্নয়নে পদক্ষেপ, বেফাকে মেধাস্থান প্রাপ্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা, গায়রে বেফাক জামাত পাঠ্যতালিকা যুগোপযোগী ও মানসম্মতকরণ, কওমি মাদরাসা পরিষদের সুচিন্তিত মতামত বেফাকের উপস্থাপন, অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণ, মসজিদভিত্তিক দ্বীনি শিক্ষা চালুর মাধ্যমে সহীহ শুদ্ধ তিলাওয়াত ও দ্বীনের মৌলিক শিক্ষাদান, শিশুশিক্ষাকে ঢেলে সাজানো, বার্ষিক সম্মেলনের আয়োজন, কল্যাণ তহবিল গঠন ও সংগঠনের গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে সবাইকে উদ্যোগী হতে হবে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করায় মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসাটির পরিচালক বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর প্রেসিডেন্ট, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, সাহিদ গ্রুপের চেয়ারম্যান, হোটেল সাহিদ প্যালেস অ্যান্ড কনভেনশন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চুয়াডাঙ্গার কৃতী সন্তান আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক ও মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম।
উল্লেখ্য, একটি সুন্দর দ্বীনি-শিক্ষার ভাবনা নিয়ে মৃত হাজি শামসুজ্জোহা বিশ্বাস ২০০১ সালে মাত্র ১৩ জন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে একটি চালা-ঘরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামে ‘পাঁচকমলাপুর দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা’ নামে দ্বীনি-শিক্ষার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। ২০১০ সালে হাজি শামসুজ্জোহা বিশ্বাসের মৃত্যুর পর এই মাদ্রাসাটির পরিচালকের দায়িত্ব নেন তাঁর পুত্র চুয়াডাঙ্গার কৃতী সন্তান ও দানবীর হিসেবে খ্যাত আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। একজন সুযোগ্য উত্তরসূরি হিসেবে তিনি পিতার সুস্বপ্নকে আন্তরিকতা, ভালোবাসা, মেধা ও শ্রম দিয়ে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।
২০১১ সালের ১লা জানুয়ারি থেকে মাদরাসাটিতে ছাত্রদের জন্য লিল্লাহ বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয়। যেখানে তিন বেলা মাদ্রাসার সকল ছাত্র-শিক্ষকের মধ্যে বিনামূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করা হয়। বহুল ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিননন্দন পাঁচতলা একাডেমিক ভবন। এই ভবনে একসঙ্গে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান ও আবাসনের আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। খোলামেলা ও মনোরম পরিবেশে দৃশ্যমান এ মাদ্রাসাটির সুবিশাল খেলার মাঠসহ লাল সিরামিক ইট ও নান্দনিক ব্লকের গাঁথুনী নজর কাড়বে সবার। পাঠদান, থাকা ও খাওয়ার সুযোগ-সুবিধাসহ আধুনিক এই মাদরাসাটি ইতঃমধ্যেই সমাদৃত হচ্ছে সারা দেশব্যাপী। এই প্রতিষ্ঠানটির দ্বীনি-শিক্ষার দ্যুতি ছড়িয়ে পড়ুক চারিদিকে, এমনটাই প্রত্যাশা মাদরাসা সংশ্লিষ্ট সকলের।
কমেন্ট বক্স