শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

  • আপলোড তারিখঃ ১৭-১১-২০২২ ইং
চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর
নিজস্ব প্রতিবেদক: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে একটা বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আরাফাত রহমানসহ অন্যান্য অতিথিগণ। এসময় সেখানে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে বসবাস করছি। আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যার ঐকান্তিক প্রচেষ্টায় মাত্র ১০ বছরের মধ্যে সব কিছুতেই প্রযুক্তি নির্ভর ডিজিটাল হয়ে উঠেছে বাংলাদেশ। প্রত্যেকের হাতে এখন অ্যানড্রয়েড মোবাইল। মানুষের চিন্তা-ভাবনা ও চাহিদার ধরনে ব্যাপক পরিবর্তন এনেছে ডিজিটাল কমিউনিকেশন। আমাদের বহুল ব্যবহৃত একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হলো ফেসবুক। দেশে এখন ফেসবুকভিত্তিক বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছে। ডিজিটাল মার্কেটিং ব্যবস্থায় ঘরে বসে নিজের ইচ্ছামতো খুব সহজে জিনিসপত্র কেনাবেচা করা যায়।’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখন ডিজিটাল বাংলাদেশের ইশতেহারের ঘোষণা করেন, তখন অনেকেই বিষয়টি নিয়ে উপহাস করেছে। তারা বলেছে, ‘ডিজিটাল বাংলাদেশ’ একটি আষাঢ়ে গল্প। তথাকথিত কিছু বুদ্ধিজীবী, বিভিন্ন রাজনৈতিক দলসহ বেশ কিছু সংস্থা এই রূপকল্পের সমালোচনা করে বলেছিল আওয়ামী লীগ দিবাস্বপ্ন দেখছে এবং দেখাচ্ছে।’ কিন্তু তাদের সবার যুক্তি ও ধারণাকে ভুল প্রমাণ করে বিশ্ব মানচিত্রে তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশ আজ অনন্য বিপ্লব রচনা করেছে।’ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের সঞ্চালনায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হোসেন, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল হান্নান প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পুরস্কার বিতরণের মাধ্যমে দুই দিনব্যাপী এই ডিজিটাল মেলার সমাপ্ত হবে।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২